ঐ শুকনো ফুলের মালা টা পড়ে আছে।
পড়ে আছে ঠিক বাঁধানো চবুতরার ওপরটাতে
কে কবে পরিয়েছিল মনে নেই
হয়তো তাঁর জন্মদিনেই…
ঠিক বারোটা বাজতে দশে
প্রতিবারের মতো এবারো, গুণে গুণে একশ তিরিশ
আপামর ভারতবাসী বিউগলের শব্দে উচ্চকিত
সাইরেন বাজছে, সবাই বলে উঠেছে..
“জয় হিন্দ”।
নাহ! লাল ফিতের ফাঁসে আটকে থাকা দলিল
কেউ খোলে নি, খুলতে সাহস পায়নি
যেমন পায় নি সেদিন জালিয়ান্ওয়ালাবাগে।
একটা বন্দুক ও তাক করে নি
জেনারেল ডায়ারের দিকে,
‘ফায়ার’ শব্দে দাসত্বের রাশ আলগা হয় নি,
আমরা ভারতবাসী, আমরা আত্মঘাতী শান্তির দূত
আমরা নিবেদিত প্রাণ, ঘাতকের তাবেদারীর,
আমাদের বুক কাঁপে না নিজের লোককে ঘায়েল করতে,
অত্যাচারীর বর্ম হতে….
তাই তো শুকনো ফুলের মালাটা পড়ে থাকে__
নাহ! দিল্লি আমরা যেতে পারি নি,
রক্ত ঝরিয়েও সেই স্বাধীনতা আসে নি
এসেছে কতগুলো দালালের অন্তঃসারশূন্য আশার বানী
আমরা প্রশ্ন করি নি “সোনা কোথায়?”
মালা পরানো হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে
পড়ে আছে ঠিক ঐখানেই, সরিয়ে দেওয়ার কেউ নেই।

